কবিতা পাড়ায় আচমকা ঝড় উঠেছে
ঝড়ের তাণ্ডবে শব্দভান্ডার ভেঙে চুরমার হয়েছে
অজানা ঝড়ের কবলে পরে বর্ণমালা বিচ্ছিন্ন হয়েছে
বর্ণগুলো এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে
আর আমি খাতা কলম হাতে নিয়ে
নির্বাক ভাবে চেয়ে রয়েছি বিচ্ছিন্ন বর্ণমালার দিকে
স্বরবর্ণের সাথে ব্যাঞ্জনবর্ণের মিল করাতে পারছিনা
কোনো ভাবেই শব্দ তৈরি করতে পারছিনা।
সব অচেনা মনে হচ্ছে
হৃদয় থেকে শব্দমালাও হারিয়ে গিয়েছে
বর্ণ থেকে শব্দ, শব্দ থেকে বাক্য কিছুই সাজাতে পারছিনা
তোমরা যে আমায় কবিতা লিখতে বলছো
কিন্তু আমি যে কিছুই লিখতে পারছিনা
খাতার মাঝে শুধু কলম দিয়ে আঁচড় কাটছি
আঁচড় কাটতে কাটতে যদিও
দুই একটা শব্দ তৈরি হলো
কিন্তু বাক্য তৈরি করতে পারলাম না।
মনে হচ্ছে বর্ণমালা আর শব্দ গুলো
আমার সাথে অভিমান করেছে
কিছুতেই ওদের অভিমান ভাঙতে পারছিনা
আমিতো আর আগের মতো নেই
আমার চেতনায় শুধু অন্ধকার বিরাজমান
অপেক্ষায় আছি কবিতা পাড়ার ঝড় থামার।
আমি কি আগের মতো বর্ণমালা সাজিয়ে
শব্দের গাঁথুনি দিয়ে বাক্য তৈরি করতে পারবো?
বাক্যের সন্নিবেশনে কি কবিতা লিখতে পারবো?
অভিমানী বর্ণমালা কি সাজবে আগের রূপে?






