আজিজুন নাহার আঁখি

মানুষ হয়ে জন্মেছ ভবে
বিবেক বুদ্ধি নিয়ে,
সকল কাজে মান রেখো
নিজ গুণাগুণ দিয়ে।

নিজের খাবার বিলিয়ে দিও
অনাহারীর মুখে,
পাশে থেকো সারা জীবন
তাদের সুখে দুখে।

প্রতিবেশীর খবর নিও
সকাল বিকাল সাঁঝে,
বিপদ যতই আসুক তাদের
থেকো তাদের মাঝে।

কষ্টে যাদের কাটছে দিন
থেকো তাদের পাশে,
ভরসা পেয়ে তারা যেন
দুঃখ ভুলে হাসে।

তোমার কথনে কেউ কখনো
পায়না যেন কষ্ট,
মিষ্টি মধুর কথায় তারা
হয় যেন সন্তুষ্ট।

সৎ থেকো সকল কাজে
মিথ্যাকে দিওনা ঠাঁই,
ভালো হয়ে থাকার জন্যে
সততার বিকল্প নাই।

অন্যায় অত্যাচার কারো সাথে
করোনা তুমি কভু,
ন্যায়ের পথে থাকলে সদাই
খুশি হবেন প্রভু।

Leave a Comment