আমার হৃদয়ে জমানো সবটুকু ভালোবাসা দিয়েছি তোমায়
আর তুমি সেই ভালোবাসাকে ভুলে যেতে চাইলে?
আমার মতো করে তুমি ভালো না বাসলে আমায়
একটুখানি জায়গা দিও তোমার হৃদয় মন্দিরে।
আমার হাতে হাত না রাখলে তুমি
আমি তোমার মন পিঞ্জরে বন্দী থাকতে চাই,
কভু আমার নয়নে না হারালে তুমি
তোমার দৃষ্টি সীমানায় আটকে থাকতে চাই।
তোমার নিঃশ্বাসের উষ্ণতায় উষ্ণ না করলে
তোমার ভালোবাসার ছোট্ট ঘরে আবদ্ধ থাকতে চাই,
ভালোবেসে তোমার বাহুডোরে না বাঁধলে
অনুভবে প্রতিক্ষণে তোমার হৃদয় গহীনে বাস করতে চাই।
কভু তোমার ছোঁয়ায় ব্যাকুল না করলে
সংগোপনে তোমার হৃদ মাঝারে ঠাঁই নিতে চাই,
কভু আমার সাথে রঙিন সাজে না সাজলে
তোমার হৃদ আকাশে রঙধনু হতে চাই।
আমার গায়ের মিষ্টি সুবাসে বিমোহিত না হলে
তোমার হৃদ বাগানের সুগন্ধি ফুলের সুবাস নিতে চাই।
মরণের পরে আমার জন্যে অশ্রু না ঝরালে
অবসরে আনমনে তোমার ভাবনায় থাকতে চাই।






