আজিজুন নাহার আঁখি

ইচ্ছে ছিলো বুড়ো হলেও
থাকব তোমার পাশে,
যেমনি করে শিশির বিন্দু
জড়িয়ে থাকে ঘাসে।

পথ চলতে তোমার সাথে
চলতাম পায়ে পায়ে,
হাত দুটো জড়িয়ে ধরে
মিশতাম গায়ে গায়ে।

তখন যদি হাঁটতে গেলে
কাঁপতো তোমার পা,
আমিই তোমার বাহন হতাম
পিছু হটতাম না।

গভীর রাতে তখন যদি
হাত রাখতে হাতে,
সুখানুভবে ভরতো তনুমন
জেগে থাকতাম রাতে।

যদি ঘুম না আসতো
তোমার দুই নয়নে,
আমায় তুমি পাশে পেতে
নিদ্রাহীন ঐ শয়নে।

না ঘুমিয়ে ঘরের ভিতর
যদি করতে পায়চারি,
আমিও তখন না ঘুমিয়ে
জেগে উঠতাম তাড়াতাড়ি।

যদি কভু রুগ্ন হতে
পরশ বুলাতাম গায়,
ভালোবেসে শুধু করতাম যতন
আদুরে আর মায়ায়।

তখন যদি মাথা ব্যথায়
হতে তুমি কাতর,
চুলের ভিতর বিলি কেটে
করতাম তোমায় আদর।

পাশে বসে করতে যদি
পুরনো সব স্মৃতিচারণ,
মন্ত্রমুগ্ধ হয়ে শুনতাম সব
করতাম না বারণ।

তখন তুমি আলিঙ্গনে আমায়
বাঁধতে না বাহুডোরে,
তবুও আমি থাকতাম তখন
তোমায় জড়িয়ে ধরে।

তখন তুমি হটাৎ করে
যদি করতে রাগারাগি,
নিরব হয়ে থাকতাম আমি
তোমার সুখের লাগি।

তখন যদি অসুস্থ হয়ে
থাকতে হাসপাতালে শুয়ে,
আল্লাহর কাছে প্রার্থনা করতাম
জায়নামাজে মাথা নুয়ে।

আমায় ছেড়ে তুমি এখন
যোজন যোজন দূরে,
জানি তুমি ফিরবে না
কভু আমার ঘরে।

দিয়ে ছিলে কথা আমায়
যাবে না ছেড়ে,
নানা ছলে চলে গেলে
মনটা নিলে কেড়ে।

আশা ছিলো সারাটি জীবন
থাকবো তোমার পাশে,
সে আশা মিছে আজ
স্বপ্নে শুধু ভাসে।

যতই দূরে থাকো তুমি
রবে আমার পাশে,
তোমার সুখের কথা শুনে
মনটা সুখে হাসে।

Leave a Comment