আজিজুন নাহার আঁখি

বন্ধু মানে হৃদয় মাঝে
শান্তি সুখের নীড়,
বন্ধু মানে কারো কথায়
ধরবে না কভু চিড়।

বন্ধু মানে কথার ফাঁকে
একটুখানি খুনসুটি,
বন্ধু মানে আড্ডাতে বসে
হাসিতে লুটোপুটি।

বন্ধু মানে আপদে বিপদে
নিজের বাহুবল,
বন্ধু মানে নেই অযুহাত
নেই মিথ্যা ছল।

বন্ধু মানে চলার পথে
বিশ্বাসী এক সাথী,
বন্ধু মানে আঁধার ঘুচিয়ে
জ্বালায় আলোক বাতি।

বন্ধু মানে মনের সব
না বলা কথা বলা,
বন্ধু মানে সুখে দুখে
পাশাপাশি পথচলা।

বন্ধু মানে হৃদয় মাঝে
নিত্য আনাগোনা,
বন্ধু মানে দুই নয়নে
নিত্য দেখাশোনা।

বন্ধু মানে বুকের ভেতর
নামে খুশির ঢল,
বন্ধু মানে বন্ধুর কষ্টে
নয়নে ঝরে জল।

বন্ধু মানে বিপদে এলেই
সামনে এগিয়ে যাওয়া
বন্ধু মানে সকল কাজে
বন্ধুকে কাছে পাওয়া।

Leave a Comment