আজিজুন নাহার আঁখি

আমি তো মেঘ হতে চাইনি
এক মুঠো রোদ্দুর হতে চেয়েছি,
সোনা ঝরা রোদ্দুরের উষ্ণতায়
উজ্জীবিত হতে চেয়েছি,
কিন্তু কি ভাগ্য আমার মেঘ হয়েই রইলাম
রোদ্দুরের উষ্ণতায় উজ্জীবিত হতে পারলাম না।

আমি পাহাড়ের শক্ত পাথর হতে চাইনি
পাহাড়ের বুক চিরে ঝর্ণা হতে চেয়েছি,
ঝর্ণাধারার সুমধুর ছন্দের তালে
হৃদয়কে আলোড়িত করতে চেয়েছি,
কিন্তু সেটা আর হতে পারলাম না
নিষ্ঠুর পাথর হয়েই রইলাম
হৃদয়কে আলোড়িত করতে পারলাম না।

আমি মরুভূমির ধূ-ধূ বালুচর হতে চাইনি
মরুর বুকে সতেজ বৃক্ষ হতে চেয়েছি,
বৃক্ষের সতেজতা-শীতলতা দিয়ে
সকল ক্লান্তি অবসাদ ঘুচাতে চেয়েছি
কিন্তু কি ভাগ্য আমার! সেটা হতে পারলাম না।
বরং শুকনো বালুচর হয়েই রইলাম
শুষ্ক মরুভূমি হয়ে ক্লান্তি অবসাদ ঘুচাতে পারলাম না।

আমি তো অমানিশার আঁধার হতে চাইনি
ভরা পূর্ণিমার পূর্ণ শশী হতে চেয়েছি,
পূর্ণ শশীর রূপালী জোছনা অঙ্গে
মেখে পুলকিত হতে চেয়েছি
কিন্তু চাঁদ তো দূরের কথা তারা-ও হতে পারিনি
শুধু ঘোর অমানিশার আঁধার হয়েই রইলাম
তাইতো জোছনা মেখে পুলকিত হতে পারলাম না।

আমি শাখা-প্রশাখাহীন বৃক্ষ হতে চাইনি
পত্র পল্লবে সুসজ্জিত বৃক্ষ হতে চেয়েছি,
বৃক্ষের সজীবতায় -স্নিগ্ধতায়
নিজেকে প্রাণোচ্ছল করতে চেয়েছি।
কিন্তু কিছুই হতে পারলাম না
বরং পত্র বিহীন শুষ্ক বৃক্ষ হয়ে রইলাম
তাইতো প্রাণোচ্ছল হতে পারলাম না।

আমি তো আগ্নেয়গিরি হতে চাইনি
সবুজে ঘেরা অরণ্য হতে চেয়েছি,
সবুজাভ অরণ্যের বিশালতায়
সৃষ্টিশীল প্রকৃতির মাঝে শান্তি পেতে চেয়েছি
কিন্তু সে আর হতে পারলাম কই?
শুধু আগ্নেয়গিরির লাভা হয়েই রইলাম
তাইতো শান্তি খুঁজে পেলাম না।

আমি তো ভালোবাসাহীন জীবন চাইনি
ভালোবাসাময় প্রতিটি ক্ষণ চেয়েছি,
ভালোবেসে সুখের প্রাসাদ গড়তে
নিজের জীবন বাজি রেখেছি
কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস!
ভালোবাসার কোনো অস্তিত্বই আর নাই
ভালোবাসাহীন নিষ্ঠুর জীবনে দাঁড়িয়ে
সুখের প্রাসাদ গড়তে পারলাম না।

Leave a Comment