তুমি আছো বলে আমার উঠোনে
শিশির বিন্দু জড়িয়ে থাকে ঘাসে
সোনা ঝরা রোদ্দুর ঝলমল করে,
পূবালী হাওয়া দোলা দেয়
ঘুম ভাঙে পাখির কূজনে।
তুমি আছো বলে আমার আকাশে
সুখ পাখিটা ডানা মেলে উড়ে
তারাদের অবিরাম ছুটোছুটি,
শুকতারাটা জ্বলজ্বল করে জ্বলে
পূর্ণ শশী রূপালী জোছনা ছড়ায় ভূবনে।
তুমি আছো বলে আমার বাগানে
নানান রঙের ফুলেরা পাপড়ি মেলে হাসে
ফুলের সুবাসে মৌ মৌ করে চারিদিক,
রঙিন প্রজাপতি নেচে বেড়ায়
অলি আর ফুল বাঁধা পরে আলিঙ্গনে।
তুমি আছো বলে হৃদ মন্দিরে
তানপুরাটা মধুর সুরে বাজে
গীটারের ছন্দে পুলক জাগে,
সুখী থাকার প্রয়াসে নিত্যই
আরাধনা হয় অতি সংগোপনে।
তুমি আছো বলে হৃদ সাগরে
ঢেউয়ে ঢেউয়ে দোলা দেয়
সুখের পানসী এসে ভীরে,
গাঙচিল ফিরে ফিরে আসে
ঝিনুকের বুকে মুক্তো থাকে সযতনে।
তুমি আছো বলে দুই নয়নে
সুখের বারি ঝরে অবিরত
সুখানুভবে নয়নযুগল হাসে,
তোমার নয়নে নয়ন রেখে
সুখে থাকি অনুভবে প্রতিক্ষণে।
তুমি আছো বলে মন জমিনে
গড়ে উঠেছে ভালোবাসার মহল,
মহল জুড়ে রঙিন ঝাড়বাতির
আলোয় আলোকিত আচ্ছাদিত
আলোক রশ্মি ছড়িয়ে পরে ভূবনে।
তুমি আছো বলে হৃদয় কুটিরে
ভালোবাসার পরিচর্যা করি সযতনে,
তোমাকে ভালোবেসে তোমার সুখের লাগি
নিজের চাওয়া-পাওয়া বিসর্জন দিয়ে
পুড়ে পুড়ে খাঁটি হই ভালোবাসার দহনে।






