এই সুন্দর ধরনীতে আমি কারোর প্রিয়জন হতে পারিনি,
হয়তো কারো না কারোর জীবনে
শুধু প্রয়োজন হিসেবে আমার অস্তিত্ব বিদ্যমান ,
নিজের সবটুকু দিয়ে সবার পাশে থাকার চেষ্টা করি,
হোক আমার পরিবার বা পরিবারের বাইরের কেউ
তাদের জন্যে নিজেকে বিলিয়ে দিতে কভু পিছপা হই না,
কারোর সুখে থাকতে না পরলেও
প্রয়োজনে খুশিমনে পাশে থাকি।
কিন্তু তাদের প্রয়োজন মিটে যাবার পরেই আর
আমাকে তারা মনে রাখেনা
আসলে প্রিয়জন হওয়ার মতো
সামর্থ্য বা যোগ্যতা হয়তো কোনোটাই আমার নেই।
এতো মানুষের ভীড়ে আমি কারোর আপন হতে পারিনি,
মুখে মুখে অনেকেই আমাকে আপন বলে
কিন্তু তাদের চালচলনে বুঝিয়ে দেয় আমি শুধুই পর।
চলতে পথে অনেককেই আপন করে নেই তাদের বিশ্বাস করি,
কিন্তু তারা শুধু আমাকে প্রয়োজনে কাছে টানে,
আসলে আপন হতে গেলে যে আস্থা অর্জন করতে হয়
হয়তো সেটুকু করতে পারিনি।
আমি কখনো কারোর হৃদয় গহীনে ঠাঁই পাইনি,
হৃদয় নিংড়ে সবটা দেওয়ার পরেও
আমি শুধু অবহেলা, অবজ্ঞা, তাচ্ছিল্যের ভাগী,
আমি যথেষ্ট আবেগপ্রবণ মানুষ হওয়া সত্বেও
কারোর কাছে আবেগের মূল্য পাই না,
আমার আবেগ অনুভূতিকে সবাই সস্তা ভাবে,
অনেকের কাছে আমার চোখের জলকে
মনে হয় টেপ কলের পানি
যা কি না চাপ দিলেই ঝরে,
চোখের জল কি এমনিতেই ঝরে?
আমার জন্যে কারো হৃদয়ে অবিরত বারি ঝরেনা,
হয়তো কোনো ক্ষতই হয় না।
আসলে আমি তো শুধুই প্রয়োজন
তাইতো কেউ আপন ভেবে কাছে টানে না।
এই বসুন্ধরায় কারোর অবলম্বন হতে পারিনি
ভরসার ব্যক্তি হতে গিয়ে
বারবার বুঝিয়ে দেয় আমি সম্বলহীন ,
এই জীবনে চলতে পথে অনেকের কঠিন সময়ে
নিজের জীবন তুচ্ছ করে পাশে থাকি,
তার বিনিময়ে শুধুই বঞ্চনা ছাড়া আর কিছু পাই না।
কখনো কেউ আমায় আঁকড়ে ধরেনা,
হয়তো আমার মাঝে নির্ভরতা নিয়ে সংশয় আছে
এই জন্যই হয়তো কেউ আমার হাতে হাত রেখে পথ চলে না,
যখন যার যে প্রয়োজন শুধু সেটুকুতে আমায় ডাকে।
সেটাই কজনার ভাগ্যে আছে?
জানি এই জীবনে আমি কোনোদিন
কারোর প্রিয়জন হতে পারব না,
সে নিয়ে আমি আফসোসও করি না।
আসলে এই পৃথিবীতে সবাই কি প্রিয়জন হতে পারে?
আমি না হয় তোমাদের প্রয়োজন হয়েই রয়ে গেলাম।






