আজিজুন নাহার আঁখি

শরৎ হলো ঋতু রাণী
রূপের নেইকো শেষ,
মনটা শুধু যায় হারিয়ে
কাটেনা এই রেশ।

শরৎ রাণীর আগমনে
মনটা যায় মোর ভরে,
ভোর বেলাতে শিউলি তলে
শুভ্র শিউলি ঝরে।

নদীর ধারে কাশের বন
হাতছানিতে ডাকে,
জেলে ভাইয়েরা মাছ ধরে নেয়
নদীর বাঁকে বাঁকে।।

আকাশ জুড়ে মেঘের ভেলা
যখন তখন ভাসে,
জলের উপর পদ্ম ফুল
পাঁপড়ি মেলে হাসে।

মাঝির কণ্ঠে ভাটিয়ালি
মধুর সুরে বাজে,
রবির কিরণ ঢেউ খেলে যায়
নদীর জলের মাঝে।

Leave a Comment