আজিজুন নাহার আঁখি

তোমার কণ্ঠে সম্মোহনী যাদু আছে
যা আমাকে বারবার মোহবিষ্ট করে,
তোমার কণ্ঠের যাদু মাখা স্বরধ্বনির প্রতিটি উচ্চারণে
আমার হৃদয় আলোড়িত হয়,
আমি হারিয়ে যাই তোমার সম্মোহনী স্বরে
যোজন যোজন দূরে থেকেও
মনে হয় কাছেই আছি,
আমাকে মোহবিষ্ট করে রেখেছো
তোমার যাদুময় কণ্ঠস্বরের প্রতি শব্দে,
প্রতিটি স্বরের ওঠানামার ধাপে ধাপে
আমি বিলীন হয়ে যাই।

হাজারো ব্যস্ততার মাঝেও বারবার মনে পড়ে
কানে বাজে তোমার মোহনীয় স্বরধ্বনি,
তোমার ঐ যাদুময় কণ্ঠস্বরের ভাঁজে ভাঁজে
আমি চিরদিনের জন্য হারিয়ে যেতে চাই।
তোমার কথনে বিশ্বাসের নিবিড় ছোঁয়া আছে
তাই তো তোমার সব বাক্যালাপ
অন্ধের মতো বিশ্বাস করি,
প্রতিটি কথনে যে নিশ্চয়তা আছে
তা আমার চলার পথের পাথেয়,
প্রতিটি কথনে যে আবেগ জড়িয়ে আছে
তা প্রতিক্ষণে আমায় আকর্ষণ করে,
মন্ত্রমুগ্ধ হয়ে প্রতিটি কথনে হারিয়ে যাই
নিজেকে বিসর্জন করি তোমার ঐ আবেগময় বাক্যালাপে।

তোমার মুক্তোঝরা হাসিতে হৃদে পুলক জাগে
আবেগময় ঐ হাসি আমার মনটা কাড়ে,
হাসির পরতে পরতে যে আবাগে জড়িয়ে আছে
তা আমাকে নিবিড়ভাবে বেঁধে রাখে,
তোমার হাসিমাখা মুখটা দেখে
সব ক্লান্তির অবসান ঘটে,
তোমার ঐ দুষ্টু মিষ্টি হাসিতে
হৃদয়ে খুশির ঢল নামে,
তখন আনন্দের জোয়ারে ভেসে বেড়াই।
আবেগময় ঐ হাসিতে হৃদয়ে শিহরণ জাগে
মনেতে বসন্তের রঙ লাগে।

তোমার ঐ চাহনিতে মায়াবী আকর্ষণ আছে
সেই মায়াবী আকর্ষণে আমি দিশেহারা,
তোমার ঐ দৃষ্টিতে নিজেকে হারিয়ে ফেলি
যতই দূরে থাকি না কেন
আষ্ঠেপৃষ্ঠে বাঁধা পরেছি ঐ মায়াবী দৃষ্টিতে,
আমার আন্ধামন বাঁধা পরেছে
তোমার আঁখির মায়াবী ইশারায়।

তোমার আচরণে নির্ভরতার স্পষ্ট ছাপ আছে
তাইতো খুব সহজেই নির্ভরশীল হয়ে গেছি,
তোমার অতি সাবধানি চালচলন
আমাকে হাজার গুণ নিশ্চয়তা দেয়,
মনের সব বলা না বলা কথা
মুখ ফুটে অনায়াসেই বলি,
যোজন যোজন দূরে থাকলেও
মনে হয় ছায়ার মতো
পাশে আছো আমার প্রতি মুহূর্তে ।

তোমার লেখনী মুগ্ধতায় পরিপূর্ণ
যতবার পড়ি ততবারই মুগ্ধ হই,
লেখার ভাজে ভাজে যে আবেগ জড়িয়ে আছে
তা আমাকে বারবার বিমোহিত করে,
তোমার ঐ আবেগী লেখায় আমি আসক্ত হয়ে পড়ি,
লেখনীর মায়াজালে আবদ্ধ হই
নিজেকে আষ্ঠেপৃষ্ঠে বেঁধে ফেলি
ঐ যাদুময় লেখনীর প্রতিটি স্তবকে।

তোমার হৃদ সাগরের ভালোবাসায়
আমি বারবার নিমজ্জিত হই,
ভালোবাসাময় ঐ হৃদ সাগরে
নির্দ্বিধায় নোঙর ফেলি,
একটুখানি ভালোবাসা পাওয়ার আশে
অনন্তকাল অপেক্ষা করতেও আমার কোনো দ্বিধা নেই,
কেননা আমি তো কবেই তোমাতে বিলীন হয়েছি
আর তোমাতে সঁপেছি আমার মনপ্রাণ।

Leave a Comment