আজিজুন নাহার আঁখি

ও টিয়ার বাপ একখান কতা কইবার চাই
তোমার ঢাহা শহর না গেলা অয় না?
আমি আর তুমি এক লগে কাম করুম,
চৌধুরীর ঐ জমিডার যা ফসল অইব
আর আমি উনাগো বাড়িতে কাম করুম
তা দিয়াই আমাগো চইলা যাইব।
এই যে হুন, তোমার যাওয়ার কথা হুইনা
মেয়াডা কানতাছে আর কানতাছে।
এই টিয়ার বাপ কথার জবাব দেওনা কেন?
ও আল্লাহ মানুষডা মেয়াডারে বুকে জড়াইয়া ঘুমাইছে।
বিহানে পাখির কিচিরমিচিরে ঘুমডা ভাইঙ্গা গেল
উইডা দেহি টিয়ার বাপ বিছানায় নাই,
মানুষডা মনডা খারাপ কইরা রইছে,
আমারে ডাক দিয়া কইলো
টিয়ারে বুজাও আমি ঢাহা গিয়া
ওর লাইগা লাল ফরক আনুম
অনেক সুন্দর খেলনা আনুম।
ভাত ডাইল রাইন্দা বাপ বেটিরে খাইতে দিলাম
মেয়াডারে কোলে নিয়া খাওয়াতে গেল
কিন্তু মেয়াডা কিছুই খাইলো না
হে শুধু কানতাছে আর কানতাছে।
টিয়ার বাপ যাওনের সময় আমারে কইলো
আমার লাইগা চিন্তা কইরো না,
আমি ঢাহা গিয়া কাম কইরা
পোস্ট অফিসে টাহা পাঠামো।
মানুষডা চইলা যাওনের চার মাস পরে
পোস্ট অফিসের পিওন জমির চাচা
এক হাজার টাহা আর একখান চিডি দিছিল
চিডিতে লেকছিল তার ওহানে কাম কাইজ কম
তাই আমাগো টাহা পাটাইতে দেরি অইলো।
এরকম করে বছরে দুই তিন বার টাহা পাটাইছিল,
কিন্তু দুই বছর পার অইয়া গেল
মানুষডা আর ফিরা আইলো না।
আমি মানষের বাড়ি কাম কইরা
টিয়ারে নিয়া কোনোমতে দিন চালাই,
গেরামের হগলে কইতে থাকলো
টিয়ার বাপ আরেকটা বিয়া করছে।
তাগো ঐসব কতা আমার বিশ্বাস অয় না
হেদিন বিহালে আমি যহন রানতাছি
তহন পাশের বাড়ির জমিলা বু আমায় ডাকতাছে
ঐ টিয়ার মা দেখ তোর সুআমি আইচে
সাথে একখান মাইয়া মানুষ,
আর ঐ মাইয়া মানষের কোলে একখান ছাওল
আমি রান্দন গর থাইকা দুয়ারে আইয়া দেহি
সত্যই ময়নার বাপ আইছে।
তাগো দেইহা আমার মাথাডা কেমন যেন ঘুরতে থাকল
টিয়ার বাপ আমার লগে কোনো কথা না কইয়া
তাগো লইয়া গরের ভিতর ডুইকা গেল।
আমি যহন তারে জিগাইলাম
এই মাইয়া মানুষডা কেডা
টিয়ার বাপ কয় এইডা আমার বউ।
হায় হায় কি কও টিয়ার বাপ?
তুমি আমার লগে এমন করলা কেন?
টিয়া পাড়ার পোলাপাইনগো লগে খেলতেছিল
একটু পরে আইয়া আমার কান্দন দেইখা
মেয়াডাও কানতে থাকলো।
বাপের কোলে ঐ ছাওল দেইখা দূরে থাকল
তার বাপে ডাক দিল কিন্তু হে গেলো না,
আমারে জড়াইয়া কান্দে আর কান্দে
আমার পোড়া কপাল আমার গর ভাঙছে।
বাপের বাড়ি যাওনের মুখ নাই
আমি যে তারে ভালোবাইসা বাপ মায়ের
ছাইড়া কবেই চইলা আসছিলাম,
তাইতো মেয়াডারে নিয়া নদীর ধারে বইলাম
ও আল্লাহ তুমি আমারে পথ দেহাও
আমার মতো আর কাউরে কান্দাইও না।
ভালোবাইসা যে এতো কষ্ট পামু
হেইডা তো বুঝি নাই,
ভালোবাসায় এতো যন্ত্রণা আর যে সয় না
এমন ভালোবাসায় কেউ যেন না জড়ায়,
ও আল্লাহ আল্লাহ গো আমারে বাঁচাও
এরকম পোড়া কপাল যেন কারো না অয়।

Leave a Comment