আজিজুন নাহার আঁখি

জীবন একটা সাদা ক্যানভাসের মতো
আর সেই ক্যানভাস তোমার
ভালোবাসার রঙে রঙিন ছিলো,
সারা ক্যানভাস জুড়ে শুধু তোমার
ভালোবাসায় আঁকা নানান আল্পনা,
আর ভালোবাসার রঙ তুলির ছোঁয়ায়
সব আল্পনা যেন জীবন্ত,
আদর সোহাগে মাখামাখি ক্যানভাসে
শুধুই তোমার দেয়া ভালোবাসার প্রতিচ্ছবি।

ক্যানভাসের কোথাও কোথাও মান অভিমানের
হালকা রঙের সংমিশ্রণ থাকলেও
বেশিরভাগ জায়গায় ভালোবাসার গাঢ় রঙের মাখামাখি।
ভেবেছিলাম আমার জীবনের ক্যানভাসটা
এমন রঙে রঙিনই থাকবে,
কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস
সেই ক্যানভাসের সব রঙে
এক নিমিষেই বিষাদের কালি লেপে দিলে,
তোমার দেয়া নিদারুণ ব্যথায়
সব রঙ মুছে বিবর্ণ হয়ে গেলো।

যে ক্যানভাসের পানে তাকালে
খুশিতে মনটা ভরে যেতো,
আজ বিবর্ণ ক্যানভাস দেখে শুধু
হৃদয়ে রক্তক্ষরণ হয় নয়নে বারি ঝরে।
আর জীবনের ক্যানভাসের বিবর্ণ রূপ
কোনো ইরেজার দিয়ে মোছা যায় না,
কেননা মুছতে গেলে ঘসা মাজায় সব নষ্ট হয়
সাবান জলে ধুয়েও সাদা করা যায় না,
কারণ সাবান জলে ধুলে ক্যানভাসটা ছিঁড়ে যাবে।

সত্যিই আজ খুব আফসোস হয়
আমার জীবনের সাদা ক্যানভাসটা
কেন তোমার ভালোবাসার রঙে রঙিন করেছিলাম?
সাদা ছিলো সেই তো ভালো ছিলো।
আজ ভালোবাসার সব রঙ বিষাদের কালিতে
নষ্ট হয়ে গেলো চিরতরে।
আমি রঙিন ক্যানভাস চাই না,
ফিরিয়ে দাও আমার সাদা ক্যানভাস,
আমি রঙহীন সাদা ক্যানভাস নিয়েই ভালো ছিলাম
আর সাদা ক্যানভাস নিয়েই ভালো থাকতে চাই।

Leave a Comment