যার চোখের তারায় নিজেকে হারিয়েছি
যার দৃষ্টিতে আমি মোহাবিষ্ট
তার উষ্ণতায় নিজেকে হারাতে চাই না।
যে স্পর্শে হৃদয়ে শিহরণ জাগে
তনুমনে বিদ্যুৎ সঞ্চারিত হয়,
বৈদ্যুতিক তরুঙ্গ আলোক রশ্মি ছড়ায়
সেই শিহরণ চাই না।
বৈদ্যুতিক তরঙ্গ স্পৃষ্ট হলে তো
পুড়ে মরতে হবে
তার এমন আলোয় আলোকিত হতে চাই না
আলোক রশ্মিতে ঝলমল করার দরকার নাই
আমি তো তার হৃদয়ের আলোয় আলোকিত
তাই সেই আলোতেই উদ্ভাসিত হতে চাই।
আত্মার সাথে আত্মা মিশে একাকার
আঙ্গুলে আঙ্গুলে মেশার দরকার নাই,
যাকে অনুভবে সারাক্ষণ কাছে পাই
তার আলিঙ্গনে বাঁধা পরতে চাই না।
চোখ বন্ধ করলেই যাকে দেখি
তাকে প্রতিদিন না দেখলেও চলে,
যে আমার অস্তিত্ব জুড়ে আছে
তাকে আপন করে কাছে পেতে চাই না।
যার হৃদয়ের সাথে হৃদয় মাখামাখি
তাকে জড়িয়ে ধরার দরকার নাই।
দূর থেকেও যে আমায় আগলে রাখে
আমার ভালো মন্দের কথা ভাবে
তাকে কাছে পেলাম কি পেলাম না
সেটা আমায় ভাবায় না।
আমাকে ভাবায় তার ভালো থাকা
তার ভালো থাকাতেই যে আমার সুখ।
সে যে আমার বেঁচে থাকার প্রেরণা
জীবনে চলার পথের অবলম্বন।
এই যে আমি তাকে অনুভবে পাই
চেতনায় সারাক্ষণ মিশে থাকে
আজীবন এভাবেই যেনো তাকে কাছে পাই।
তার হৃদয়ের ছোঁয়ায় যে উষ্ণতা পেয়েছি
যে সুখানুভবে আমি উৎফুল্ল হই,
আমি সেটুকু পেলেই তৃপ্ত
আর বেশি কিছু চাই না।
শুধু এটুকুই বলতে চাই
আমার একজন প্রাণের মানুষ আছে
একজন মনের মানুষ আছে,
সে যেনো ভালো থাকে সুখে থাকে।






