আমার আকাশে আর উজ্জ্বল সূর্য দেখা দেয় না
মেঘমালা তাকে আড়াল করে রাখে
মাঝে মাঝে মেঘের ফাঁকে সূর্য
একটু উঁকি ঝুঁকি দেয়
কিন্তু তা ক্ষণিকের জন্যে।
আমি মেঘের কাছে প্রশ্ন করেছিলাম
এই যে মেঘমালা, তোমার কি আর কোনো কাজ নাই?
তুমি সূর্যকে আড়াল করো যে?
মেঘের সোজাসাপটা উত্তর
আরে আমি তো তোমার জন্যেই
সূর্যকে আড়াল করে রাখি।
কি বললে আমার জন্যে?
হ্যাঁ তোমার ভালোর জন্যেই তো
তার আলোক রশ্মি যে তোমাকে
তাপদাহে পোড়ায়, জ্বালা ধরায়
তাই তো আমি আগলে রাখি।
যে উষ্ণতা তোমাকে কষ্ট দেয়
সে তোমার জন্যে নয়
বরং আমার মেঘের আড়ালে
ঢাকা থাকুক তার উষ্ণতা।
তবে সূর্য মাঝে মাঝে
আমার বাঁধা পেরিয়ে বের হয়
কিন্তু আমিও কম না
যখনই বুঝি সে তোমাকে জ্বালাবে
তখনই আমার পুঞ্জীভূত মেঘের
আড়ালে তাকে ঢেকে রাখি।
আমার জন্যে মেঘমালার এতো ভাবনা
আমি অযথা মেঘকে ভুল বুঝেছি
সত্যিই তো আমার জীবনে আলোক রশ্মি
শুধু আমাকে কষ্টই দিয়েছে
ক্ষণিকের জন্য তার উষ্ণতায়
চঞ্চলা হরিণীর মতো খুশি হলেও
দহন জ্বালায় পুড়েছি অনেক বেশি।
বরং মেঘ আমার কষ্টে
সূর্যকে সযতনে আড়ালে রাখে
আমার বুকে যখন কষ্টের স্তুপ জমা হয়েছে
তখন আমার কষ্ট ভাগাভাগি করতে
সেও আমার সাথে অশ্রুপাত করেছে
আমার বেদনার নীল রঙ
ধোয়ার জন্য মেঘের বুক চিরে
অঝোর ধারায় বারিপাত করেছে।
আমার আকাশে থাকুক মেঘের ঘনঘটা
হোক বজ্রপাত, নামুক বাদল
জীবনের যতো হতাশা ক্লান্তি অবসাদ
ধুয়ে যাক বৃষ্টির জলে
বেদনার নীলে আর নীলাভ হতে চাইনা
ও মেঘ তুমিই আমার আপন
তুমি আমার দু:খকে সযতনে ঢেকে রাখো
আমার কান্নার সাথে তুমিও কাঁদো।
সত্যিই আমি আর আলোর দেখা চাইনা
যাকে স্পর্শ করা যাবেনা
যাকে কাছে টানা যাবে না
থাক সে দূরেই থাক।
আমি তোমার পুঞ্জীভূত মেঘের সাথেই করলাম সন্ধি।






