কতোদিন হয়ে গেলো আমার কবিতার ভূমিতে আর চাষ হচ্ছে না,
শব্দের চাষাবাদ করা ভুলেই গেছি
শব্দগুলো কোথায় যেনো চুপটি করে আছে।
হয়তো অভিমানে কাছে আসছে না
আমাকে আর ধরা দিচ্ছে না।
শব্দের আর কি দোষ দিব?
তাদের তো যতন করছি না
এক শব্দের সাথে আরেক শব্দের
সন্নিবেশ করে বাক্য তৈরি করছি না।
বর্ণমালা বেকার জীবন পার করতে করতে
হয়তো ঝিমিয়ে পড়েছে,
বর্ণমালা যদি ভূমিতে আঁচড় না কাটে,
তাহলে শব্দের চাষ কি করে হবে?
কবিতার ভূমিতে আজ খরা লেগেছে
তৃষ্ণায় ধুঁকছে শব্দমালার প্রাণ,
কোথায় পাব তৃষ্ণা মেটানোর জল?
কে বাঁচাবে শব্দমালার প্রাণ?
কবিতার ডায়েরির পাতা শুভ্রতায় ভরা
বর্ণের সাথে বর্ণের যেনো অনেক দুরত্ব
শব্দ ভাণ্ডার হারিয়ে গেছে অতলে
তাইতো কবিতার ভূমি আজ অনাবাদি।
বিরান এই ভূমিকে চাষ যোগ্য করতে
যে অদম্য মনোবলের প্রয়োজন
তা কি আর ফিরে পাব?
আমি এই বিরান ভূমিতে
শব্দ ভাণ্ডার তন্নতন্ন করে খুঁজে ফিরি
চিৎকার করে বারবার ডাকি,
কিন্তু শব্দ মালার সাড়া মেলে না
আর বুঝি শব্দের গাঁথুনি দিয়ে
বাক্য তৈরি করতে পারব না,
ডায়েরির পাতা বুঝি শুভ্রই থাকবে?
এখন মনে হচ্ছে আমার কবিতার ভূমি অনাবাদি হয়েই থাকবে।






