নদী জানে আমার চলার নেই তো কোনো শেষ
ফুল জানে তার মতো কভু কাটেনা মধুর রেশ,
আকাশ জানে তার উদারতার সাথে মিশে থাকি
চাঁদ জানে একাকী নির্জনতাকে সংগোপনে রাখি।
মেঘ জানে তার আঁধারের সাথেই আমার সন্ধি
বাদল জানে তার মতো ঘরে থাকিনা কভু বন্দী,
সাগর জানে তার বিশালতায় নিজেকে দেই ঢেলে
রবি জানে নিজে পুড়ে অপরকে দেই আলো জ্বেলে।
পাহাড় জানে একাকীত্বকে করেছি সানন্দে বরণ
হাজারো কষ্টকে আঁকড়ে সুখকে দিয়েছি বিসর্জন,
ঝর্ণা জানে জীবনে আমার নাই যে কোনো ছন্দ
তাইতো আমি চলার পথে খুঁজি না ভালো মন্দ।
জীবন জানে একাকীত্ব আমার নিত্যদিনের সাথী
নিদ্রাহীন শয়নে পাশে থাকে আঁধারকালো রাতি,
পাখি জানে তার মতো উড়তে চাই আকাশ পানে
সঙ্গীহীন আমি হৃদয়ের যাতনা ভুলি তার গানে।
পথ জানে তার মতোই আমি ছুটে চলি অবিরাম
পথিক জানে এই জীবনে নাই যে আমার দাম,
বসন্ত জানে তার রঙে ঢঙে হই না আমি রঙিন
সাদাকালো জীবন আমার আমি যে সঙ্গীহীন।
সকাল জানে তার স্নিগ্ধ হাওয়ায় একাকী হাঁটি
শিশিরের শীতলতায় ক্লান্তি অবষাদকে দেই মাটি,
গোধূলি জানে তার আবিরের আভা ভালো লাগে
জীবন চলার পথে কেউ পাশে নেই রাগে অনুরাগে।
রাত জানে নিরাশার স্বপ্নের জাল বুনি অবিরত
জোছনার আলোয় ঘুচে না হৃদয়ের সব ক্ষত,
মন জানে একাকীত্ব কে মনে প্রাণে ভালোবাসি
কষ্টকে বুকে চেপে সবার সাথে প্রাণখুলে হাসি।






