আজিজুন নাহার আঁখি

জন্ম নিলে মরতে হবে এটাই চিরন্তন সত্য কথা
তাই আমিও চলে যাবো দূরে বহুদূরে
জানি আর ফিরব না এই ধরণীর বুকে,
তবুও জানতে ইচ্ছা করে তোমরা কি রাখবে মনে?

আমি যে আদর্শের বীজ রোপণ করে গেলাম
তোমাদের কাছে অনুরোধ তাকে যতন করো,
কখনো সেই আদর্শের চারা উপড়ে ফেলো না।
এই বাংলা মায়ের সম্মানে যুদ্ধ করেছিলাম
ছিনিয়ে এনেছিলাম স্বাধীনতার রক্তিম সূর্য,
লাল সবুজের যে পতাকায় আজ শোভিত
সেই পতাকার মান অক্ষুন্ন রেখো।

সততার যে আলোক শিখা রেখে যাচ্ছি
সেই আলোতে পথ চলো,
কোনো অন্যায়ের কাছে নত করো না শীর,,
অন্যায়ের প্রতিবাদে সদা সোচ্চার হইও
জুলুমকারীর বিরুদ্ধে হও বলীয়ান,
ধনী গরীব এক কাতারে শামিল থেকো
দুর্বলকে রক্ষা করতে হও আগুয়ান।

অনাহারীর মুখে খাবার তুলে দিও
বস্ত্রহীনের গায়ে জড়িয়ে দিও এক টুকরো কাপড়,
অট্টালিকা আর কুঁড়ে ঘরের মাঝে অনেক ফাঁরাক,
জানি এ দুরত্ব ঘুচবে না
তবুও আশ্রয়হীনকে বসবাসের জন্য একটু জায়গা দিও।

আমি জানি আর স্লোগানে স্লোগানে বলতে পারব না
“দুনিয়ায় মজদুর এক হও”
“কেউ খাবে তো কেউ খাবে না
তা হবে তা হবে না”
“ভাত চাই কাপড় চাই
বাঁচার মতো বাঁচতে চাই’
” স্বাধীনতার রক্ত বৃথা যেতে দিব না”
এরকম আরো অনেক কথা।

গ্রামে গঞ্জে শহরে বন্দরে আর বক্তৃতা দিব না,
মেহনতী মানুষের দাবী আদায়ে
রাজপথে মিছিলে শামিল হবো না,
কোথাও অনশনে অংশ নিতে পারব না,
কিন্তু আমি না থাকলেও তোমরাও তো আছো
তোমাদের কাছে অনুরোধ মানব সেবায় নিজেকে দাও বলিদান।

রক্ষক হয়ে কভু ভক্ষক হইও না
কভু আমানতের খেয়ানত করো না,
বিশ্বাসে আর দৃঢ়তায় হও অবিচল
কথা আর কাজে মিল রেখো,
ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের সাথে থেকো
তোমাদের কথায় যেনো কেউ আঘাত না পায়।

ন্যায়নীতির যে মশাল জ্বালিয়ে দিলাম
সেই মশাল যেনো জ্বলজ্বল করে জ্বলে,
যতো বিপদ আসুক না কেন
কখনো নীতি ভ্রষ্ট হইও না।
লোভ হিংসা থেকে নিজেদের দূরে রেখো
অর্থের কাছে নিজের ব্যক্তিত্ব বিকিয়ে দিও না,
অর্থ নয় বিবেক জাগ্রত করো।

তোমাদের জন্য আমি অর্থের সাম্রাজ্য রেখে যেতে পারলাম না,
রেখে গেলাম আমার জীবন দিয়ে গড়ে উঠা
সততা,ন্যায়নীতি,বিবেক,বিচারবোধ,দেশপ্রেমের সাম্রাজ্য,
আর এই সাম্রাজ্যের তোমরা সবাই অধিপতি
তাই এই সাম্রাজ্য রক্ষা করার দায়িত্ব তোমাদের।

আরও একটি কথা, তোমরা কখনো শৃঙ্খলা ভেঙে ফেলো না
সকল কাজে সুশৃঙ্খল থেকো
যে সততার শৃঙ্খল দিয়ে তোমাদের বাঁধলাম
সে বাঁধন অক্ষুন্ন রেখো।

আমার প্রিয় বাংলার আলো বাতাসে, নদীর ঘোলা জলে
মাটির মিষ্টি গন্ধে আমায় খুঁজে পাবে,
আমি চলে যাব দূরে বহুদূরে
তবুও থাকতে চাই শুধু তোমাদের চেতনায়, তোমাদের কর্মে, তোমাদের হৃদয়ে।
আমার সবটুকু ভালোবাসা তোমাদের দিলাম
আমায় শুধু কথা দাও কখনো পথভ্রষ্ট হবে না,
আমি দূর থেকে তোমাদের কাজেকর্মে মিশে রবো।

Leave a Comment