আজিজুন নাহার আঁখি

এই যে নীল আকাশ
আজ কি হলো তোমার?
গগন জুড়ে একি রঙের খেলা
ভাসছে না তো শুভ্র মেঘের ভেলা।

কালো মেঘেও ঢেকে রাখোনি মুখ
হটাৎ করে কেন সাজলে রঙে ঢঙে?
আজ কি মেঘ বালিকার বিয়ে?
সোনায় মুড়িয়ে রেখেছো যেনো তারে
দেখেই চোখ জুড়িয়ে গেলো, মনটা গেলো ভরে।

তোমার রূপের মাধুরিতে ধরনী গেলো ছেয়ে
কি অপরূপ রূপের ছটা লাগলো তোমার গায়ে?
বসন্তের আগুন লাগা ফাগুন কি
আজ রাঙালো গগন জুড়ে?
যেদিক তাকাই সেদিকেই দেখি
তোমার রূপের ধারা
লাল গগনে জ্বলবে কি আজ তারা?

কি হলো আজ? শুধায় জনে জনে
বলো না গো , কি ভাবছ আপন মনে?
সোনায় মোড়ানো গগন তোমার
হাতছানিতে ডাকছে বারেবারে
তাইতো ছুটে গেলেম খোলা প্রান্তরে।

তোমার পানে তাকাতেই দেখি
জ্বলছে আগুন শিখা
কি হলো আজ?
নীল আসমানে কে জ্বালালো আগুন?
কার জ্বালায় পুড়ে হচ্ছো তুমি দগ্ধ?
তোমার আগুন রূপ দেখে হলেম স্তব্ধ ।

গগন জুড়ে শুধুই তীব্র দহন
এই দহনে কি হলো গো?
ভাবছি মনে মনে
কে নিলো গো শুভ্র মেঘের ভেলা?
তোমার বুকে কে করছে এমন খেলা?

বারেবারে মনের ঘরে
প্রশ্ন করছে ভীড়
তোমার মনে নেমেছে কি খুশির ঢল?
না কি, বসন্তের রঙে সেজেছো আপন মনে?
আবার ভাবছি কার জ্বালায় নীলিমা হলো দগ্ধ?
বলো না গো প্রানখুলে
কেনো তুমি রঙিন হলে টুকটুকে লালে?

Leave a Comment