আজিজুন নাহার আঁখি

বসন্ত আজ হারিয়ে গেছে
শুধুই ভাদ্রের খরা,
যার জন্য নাই যে বসন্ত
সে তো দেয় না ধরা।

মনটা আজ বিষাদে ভরা
হৃদয়ে শুধুই ক্ষত,
সব হারিয়ে একাকী আমি
কান্না করি অবিরত।

হৃদয় আকাশে কালো মেঘে
করে শুধু ডাকাডাকি ,
ভালোবাসার ছলনা করে
দিয়েছে আমায় ফাঁকি।

মন জমিনে খরা লেগেছে
সব আজ মরুভূমি,
শূন্যতা সব কেড়ে নিয়েছে
একাকীত্বকেই চুমি।

অভিনয় করে চলি সদা
মুখে হাসি মনে জ্বালা,
ভালোবাসার মিথ্যেয়
পরেছি কণ্টক মালা।

এখানে শুধু ভাদ্রের খরা
অনলে পুড়ছে মন,
আঁধারেতে ঢাকা চারিপাশ
হৃদয়ে শুধু দহন।

যতো দূরে থাকুক সেজন
পাই যে গায়ের গন্ধ,
প্রতিক্ষণে দেখি তার মুখ
চোখ করলেও বন্ধ।

সারারাতি জেগে থাকি আমি
ঘুম নেই আঁখি পাতে,
দুরু দুরু কাঁপে মোর বুক
ভয়ে থাকি সারা রাতে।

নয়নের জলে বুক ভাসে
দেখার কেউ তো নাই,
সব হারিয়ে তাইতো আজ
শূন্যে হাতটা বাড়াই।

কোথায় পাব শান্তির ঘর
কোথায় সুখের নীড়?
আপন মানুষ পর হলে
সম্পর্কে ধরে যে চিড়।

Leave a Comment