আজিজুন নাহার আঁখি

তোমার স্পর্শে যে মাদকতা আছে
আমি সেই মাদকতায় উন্মাদ হতে চাই না
ক্ষণিকের জন্য মোহাবিষ্ট হওয়ার কি প্রয়োজন?
আমি তো কবেই তোমার হৃদয়ের মাঝে
নিজেকে বিলীন করেছি।

আমার হৃদয়ের সপ্তসুরে
তোমার ভালবাসার তানপুরা
সুর তুলে অবিরত
তাই তো তোমার যাদুকরী ছোঁয়ায়
আমি নেশাগ্রস্ত হতে চাই না।

তোমার ঐ নয়ন সরসীতে
আমি কবেই ডুবে গেছি
তাইতো তোমার নিঃশ্বাসের উষ্ণতায়
নিজেকে হারাতে চাই না।

আমার হৃদয়ের করিডোরে
তোমার ভালোবাসার ঘ্রাণে আচ্ছন্ন
সেই সুবাস অঙ্গে মেখে
আমি সুবাসিত আমি আচ্ছাদিত।

যেখায় হৃদয় আষ্টেপৃষ্ঠে বাঁধা পরেছে
সেথায় আলিঙ্গনে বাঁধার কি দরকার ?
হৃদয়ে হৃদয়ে যে মাখামাখি
সেটাই অটুট থাক আজীবন।

হৃদয় ক্যানভাসে ভালোবাসার
আবিরে সুশোভিত মনোমুগ্ধকর
তাই আজ কপোলে বা ওষ্ঠে
চুম্বনের চিহ্ন আঁকার কি দরকার আছে?

হৃদয়ে হৃদয়ে যে সিক্ততা বিরাজমান
সেথা ওষ্ঠের সাথে ওষ্ঠের সিক্ততা
করার কি দরকার আছে?
স্পর্শ ময় ক্ষণিকের ভালোলাগার চেয়ে
হৃদয় গহীনের ভালোলাগা
চিরস্থায়ী হোক আমাদের জীবনে।

Leave a Comment