আকাশ আমায় হাতছানিতে
ডাকছে বারেবার,
ঘরের ভিতর আটকে রাখে
সাধ্য আছে কার
ঘরের বাইরে যবে
বাড়ালাম দুই পা,
শীতলতায় স্নিগ্ধ হলো
আমার সারা গা।
আকাশে পানে তাকিয়ে দেখি
আহা রূপের ছড়াছড়ি,
মনটা চায় তারে যেনো
দুবাহুতে জড়িয়ে ধরি।
কোথাও সাদা কোথাও নীল
রঙের সমারোহ,
সেই রঙে সাজাতে চাই
নিজের মলিন দেহ।
গগন জুড়ে মেঘে মেঘে
করছে শুধু খেলা,
শরতের এই মধুর ক্ষণে
ভাসছে মেঘের ভেলা।
এই মেঘ এই রোদ্দুর
লুকোচুরি খেলছে অবিরত,
এই আবেশে ঘুচে যায়
মনের কষ্ট আছে যতো।
ইচ্ছে করে ঘুরে বেড়াই
মেঘের ভেলায় চড়ে,
আকাশ নীলের রূপের ছটায়
মনটাকে দেই ভরে।
এই রূপের স্রষ্টার কাছে
করছি মাথা নত,
ক্ষমা করো প্রভু আমায়
পাপ করেছি যতো।
তোমার অপার মহিমায়
ধন্য হয়েছি আমি,
শোকর করি লক্ষকোটি বার
জানে অন্তর্যামী।






