আজিজুন নাহার আঁখি

আমার কষ্টের ভূমি আজ কানায় কানায় পূর্ণ
সেখানে প্রতিনিয়ত বাহারি কষ্টের আবাদ হয়
কখনো টকটকে লাল কষ্ট,কখনো গাড় সবুজ কষ্ট
তবে নীল কষ্টের আবাদে বেশি ফলন হয়।
প্রথমে এক টুকরো কষ্টের জমি কিনেছিলাম
আমার প্রণোচ্ছল হাসির বিনিময়ে
সেখানে শুরুতে অল্প ফলন হলেও
কিছুদিনের মধ্যে ফলন অনেক বেড়ে যায়।
তাই তো আরও কষ্টের ভূমি
কেনার প্রয়োজন পরে,
নিজের স্বাধীনতা বিসর্জন দিয়ে
পাশেই আরও এক টুকরো ভূমি কিনলাম .
নতুন কেনা কষ্টের ভূমিতে হালকা রঙের
আবাদ শুরু করি নিজ হাতে,
কিন্তু এই কষ্টের আবাদে হটাৎ করে
সেচের প্রয়োজন পরে
কিন্তু কোথায় সেচ পাই?
ভাবতে ভাবতেই কষ্টের ভূমির
পাশেই দেখি দুঃখের নদী বয়ে চলছে
তাই তো সেচ দিতে কোনো সমস্যা হয় না।
আর ফলন এতো বেড়ে যায় যে
দু’টুকরো ভূমিতে কষ্টের জায়গা হয় না।
তাই তো আবার কষ্টের জমি
কেনার জন্য হন্যে হয়ে খুঁজে বেড়াই
এবার যে জমিটুকু কিনলাম
তা কিন্তু আমার আমিত্বকে বিসর্জন দিয়েই কিনেছি।
প্রতিদিন কষ্টের ভূমিকে উর্বর করার জন্য
পরিশ্রম করি আপন মনে,
কষ্টের এই ভূমির দিকে যখন তাকাই
তখন মনে হয় ভালোই হয়েছে।
হাসি,স্বাধীনতা,আমিত্ব এগুলো
থাকলেই বা কি হতো?
বরং বাহারি কষ্টের আবাদে ব্যস্ত থাকি
আমি তো একা শুধু একা
তাই কষ্টের আবাদ করে
ফসলে ফসলে পরিপূর্ণ
আজ আমার হৃদয়ের উঠোন।

Leave a Comment