হে মহামানবী,
ধন্য তোমার জন্ম ধন্য তোমার আত্মদান
জীবন দিয়ে বাড়ালে তুমি শিক্ষকের মান
ছাত্রদের রক্ষা করতে মৃত্যুকে করলে আলিঙ্গন
সবার কাছে প্রমাণ হলো তুমি যে মায়ের মতন।
হে দরদী,
স্নেহের আঁচলে জড়িয়ে নিলে ছাত্র ছাত্রী সব
তোমার নাম সবার মুখে আজ তুলছে কলরব
হটাৎ করে এমন হবে জানতো না তো কেউ
চারিদিকে কান্নার রোল বইছে দু:খের ঢেউ।
হে দয়াবতী,
মেহেরিন নামের অর্থ দয়ালুতে আছে ভরে
শ্রদ্ধা আর ভালোবাসায় রাখবো সবার অন্তরে
পড়াশোনা করানো ছিলো নিত্যদিনের কাজ
জীবন দিয়ে প্রমাণ দিলে এখানেও নাই লাজ।
হে প্রেমময়ী,
চোখে ছিলো বাঁচানোর নেশা ছোট্ট প্রাণের জন্য
নিজের জীবন বিলিয়ে দিয়ে হয়েছো আজ ধন্য
তোমার মতো মানুষ যেনো জন্মে ঘরে ঘরে
বিপদ এলে সবাই যেনো ছুটে যাই অকাতরে।
হে আত্মত্যাগী,
তোমার ত্যাগের মহিমায় ধন্য হলো মানবকূল
বিপদ এলেই ঝাপিয়ে পড়তে করবো না তো ভুল
আঁধার থেকে আলোয় আনার দিতে তুমি শিক্ষা
তোমার এই আত্মত্যাগ আজ সবার জীবনের দীক্ষা।।






