আজিজুন নাহার আঁখি

ভালো লাগে শরতের ভোর
শিউলি ঝরা গাছ তলা,
শিশির ভেজা ফুল কুড়াতে
তোমার সাথে কথা বলা।

ভালো লাগে শরতের আকাশ
সারি সারি মেঘের ভেলা,
নদীর ধারে কাশের বনে
শুভ্র কাশফুলের মেলা।

ভালো লাগে শরতের সকাল
মিষ্টি রোদের ঝলকানি,
শিশির ভেজা নরম ঘাসে
ভেজাই মোর পা দু’খানি।

ভালো লাগে শরতের বৃষ্টি
নীলাকাশের রঙধনু,
প্রজাতির ডানায় ডানায়
রাঙাতে এই মন তনু।

ভালো লাগে বিলের মাঝে
সদ্যফোটা শাপলার হাসি
দলবেঁধে শাপলা তুলতে
বারবার তাই ফিরে আসি।

ভালো লাগে পুকুর পাড়ের
হিজল গাছের শীতল ছায়া,
বরশী দিয়ে মাছ ধরতে
কিশোরের চোখে স্নিগ্ধ মায়া।

ভালো লাগে ইঁলশেগুঁড়ি বৃষ্টিতে
ফুলের সাথে ভিজতে,
ফোঁটা ফোঁটা বৃষ্টির কণায়
শীতল পরশ পেতে।

ভালো লাগে শরতের দুপুরে
মায়ের হাতের ইলিশ খিচুরি,
বিকেল বেলায় চায়ের সাথে
গরম গরম পিয়াজু পুরি।

ভালো লাগে শরতের রাতে
তারাদের ঐ মিটিমিটি জ্বলা,
দক্ষিণা সমীরণে উঠোনে বসে
রূপকথার সেই গল্প বলা।

Leave a Comment