আজিজুন নাহার আঁখি

সেদিন বৃষ্টি মুখর দিনে
তোমার সাথে প্রথম দেখা,
আমি ছিলেম নীল শাড়িতে
খোঁপায় বেলীফুলের মালা
আর হাতে ছিলো সঞ্চয়িতা,
বৃষ্টির ঝাপটায় আধভেজা হয়ে
নদীর পাড়ের ক্যাফেটেরিয়ায়।

নন্দিতা আর আমি নদীতে
নৌকায় ঘুরতে এসেছিলাম
হটাৎ বৃষ্টিতে নন্দিতার বিলম্ব
তাই আমিও পছন্দের ক্যাফেটেরিয়ায়।


বসার জন্য ফাঁকা টেবিল না পেয়ে
এক কোণে দাঁড়িয়ে আছি
এমন সময় তোমার আহবানে
ক্যাফেটেরিয়ার দক্ষিণ কোণে
দুজনে মুখোমুখি এক টেবিলে।


সেদিনের আলাপনেই ভালো লাগা
দেখতে দেখতে শরৎ চলে এসেছে
তোমার অপেক্ষায় কাটছে প্রহর
তুমি এলেই সেই ক্যাফেটেরিয়ায়।


দুজনে বসবো মুখোমুখি
সামনে থাকবে ভালোবাসার
পেয়ালা ভরা উচ্ছ্বাস
থরে থরে সাজানো থাকবে
ভালোবাসায় ডুবন্ত শীতল চাহনি
থাকবে ধোঁয়া উঠা কফির মতো
হাতের উষ্ণ স্পর্শ।
কবে আসবে তুমি?
আমাদের ছোট্ট ক্যাফেটেরিয়ার
দক্ষিণ কোণের টেবিল
তোমার আমার ভালোবাসার কথনে
নিজেকে উজাড় করে দিবে।

Leave a Comment