বছর ঘুরে এলো আবার
এলো রে খুশির ঈদ,
ঘরে ঘরে খুশির আমেজে
নয়নে থাকেনা নিদ।
শিশু, কিশোর, যুবক,বৃদ্ধ
নতুন পোশাকে সাজে,
মিলেমিশে হয় একাকার
ব্যস্ত থাকে সব কাজে।
ধনী গরীব এক কাতারে
ঈদের নামাজে যায়,
সাধ্যমতো সব ভালো খাবার
খুশিতে সবাই খায়।
সব মুসলিম ভাই ভাই
কোলাকুলি সবে করে,
হাতে হাত মিলায় সবাই
দেখেই মনটা ভরে।
ঈদ এলেই সবার প্রাণে
নামে খুশির ঢল,
হিংসা বিদ্বেষ সবটা ভুলে
বাড়াই বুকেতে বল।
আজ এই খুশির লগনে
ঈদ মোবারক বলি,
ছোটো বড় নেই ভেদাভেদ
এক সাথে পথ চলি।






