শ্রদ্ধার কাতারে শিক্ষকতা সেরা এই ধরনীর মাঝে,
সমাজের তরে নিবেদিত প্রাণ এগোয় সকল কাজে।
মানুষের কল্যাণে অগ্রনায়ক
চলার পথের তাঁরাই ধারক
জ্ঞানের ভাণ্ডারে যতটুকু আছে বিলিয়েছে সযতনে,
ন্যায়নীতি শিক্ষা মনের ভিতর গেঁথেছে নিবিষ্ট মনে।
পরিবার থেকে জেনেছো সবাই শিক্ষকের কতো মূল্য,
নিজের জীবন উৎসর্গ করে রাখেন সন্তান তুল্য।
যাদের কাছে শিখেছো লেখাপড়া,
তাঁদের পথে হোক জীবন গড়া।
তাঁদের আদর্শে আজীবন ধরে চলবে প্রতিজ্ঞা ছিলো,
অকারণে আজ তোমাদের দম্ভে অঙ্গীকার রোধ হলো।
শিক্ষকের দানে মূল্যবান জ্ঞানে মানুষের হয় মুক্তি,
জ্ঞানের আঁধারে প্রবেশ করায় বাড়ে মনোবল শক্তি।
সকল কাজে শ্রদ্ধায় মাথা নত,
এটাই তো হতে হবে দৃঢ় ব্রত।
যাদের কল্যাণে জীবন সার্থক পরিপূর্ণ হয়ে যায়,
সেই অবদান ভুলে গেলে তবে প্রাণ করে হায় হায়।
কেন আজ দেখি সম্মান হারায় সমাজে শিক্ষক জাতি,
মানুষ গড়তে থাকেন যারা একাগ্রতা দিবা রাতি।
যাদের জন্য আলোতে বিচরণ,
যায় কি করা তাঁর প্রাণ হরণ?
ছাত্র হলো প্রাণ শিক্ষকের কাছে রাখেন সন্তান স্নেহে,
সেই শিক্ষকের প্রাণ বলিদানে তোমরা মেতেছো দ্রোহে।
সংশয়ে আজ কাটে প্রতিক্ষণ যদি করে অপমান,
ছাত্রের আঘাতে প্রাণ চলে গেলে বৃথা সব অবদান।
মানবতা আজ লুন্ঠিত সমাজে,
মূল্যবোধ হারিয়ে সবাই অকাজে।
সত্যের বিনাশে মিথ্যার বিজয়ে জয় জয়কার ধরা,
শিষ্ঠতা হারিয়ে আজকে সেখানে মূল্যহীন লেখাপড়া।
তোমাদের হাতে নিপীড়িত হতে চায় না শিক্ষক কূল,
আজ ভাবি বসে মানুষ গড়তে হয়েছে কোনো ভুল?
মানুষ গড়ার কারিগর যারা,
আজ সমাজে লাঞ্চিত হলো তারা।
শিক্ষক বলেই ভাবে মনে মনে মরে যাবে লাজে ভয়ে,
কোথা যাবে আজ নিষ্কৃতি কোথায় ভরে গেছে অবক্ষয়ে।
সন্ত্রাসী দাপটে শিক্ষক লাঞ্চিত সুবিচার নেই কভু,
গায়ের শক্তির হোক অবসান হেদায়েত করো প্রভু।
বাঁচাও শিক্ষক জাতির সম্মান,
ছাত্রের আঘাতে না ঝরুক প্রাণ।
শঙ্কা দূর করে দৃঢ় মনোবলে সুশৃঙ্খল পথে চলি,
মন্দকে সরিয়ে বিষাদ ঘুচিয়ে শান্তির কথাই বলি।






