আজিজুন নাহার আঁখি

তুমি আমার কি হবে?

তুমি আমার দুঃস্বপ্নের সঙ্গী হবে?
গভীর রাতে আঁতকে উঠলে
কাছে এসে সাহস দিবে?
বুকের মাঝে জড়িয়ে ধরে
আমায় তুমি ঘুম পারাবে?
সত্যিই দুঃস্বপ্নের সঙ্গী হবে?

তুমি নির্ঘুম রাতের সাথী হবে?
না ঘুমিয়ে আমার সাথে
গল্প করে জেগে থাকবে?
মাঝ রাতে উঠোনে গিয়ে
আমার সাথে জোছনা মাখবে?
কি গো, না ঘুমিয়ে জেগে থাকবে?
সত্যিই নির্ঘুম রাতের সাথী হবে?

তুমি দুঃখ জয়ের গল্প হবে?
কষ্টে যখন কুঁকড়ে যাব
তখন কি সুখের পরশ দিবে?
অঝোরে কাঁদলে পরে
অশ্রুসিক্ত চোখ মুছাবে?
সত্যিই দুঃখ জয়ের গল্প হবে?
তুমি পথ চলতে সহযাত্রী হবে?

দূর দূরান্তে চলার পথে
আমার সাথে পথ চলবে?
ব্যস্ত রাস্তায় চলতে গেলে
হাতটি ধরে পা মেলাবে?
দুর্গম পথ পারি দিতে
হোঁচট খেয়ে পরে গেলে
আমায় তুমি টেনে তুলবে?
কি গো সুখে দুখে পাশে থাকবে?
সত্যিই তুমি আমার সহযাত্রী হবে?

তুমি বিপদ মুক্তির সঙ্গী হবে?
হটাৎ করে বিপদ এলে
নিজ থেকে সামলে নেবে?
কেউ আমায় দুঃখ দিলে
প্রতিবাদে সোচ্চার হবে?
মনের ভিতর জমানো ব্যথায়
শান্তির পরশ বুলাবে?
সত্যিই বিপদ মুক্তির সঙ্গী হবে?

তুমি কি অসুস্থতায় সঙ্গী হবে?
কাতর হয়ে শুয়ে থাকলে
শয্যাপাশে সঙ্গ দেবে?
রোগমুক্তির জন্য তুমি
প্রার্থনায় মশগুল থাকবে?
কি গো শত কষ্টেও কাছে থাকবে?
সত্যিই অসুস্থতায় সঙ্গী হবে?

Leave a Comment