আমার সম্পর্কে

জন্ম ও শৈশবকালঃ
আমি আজিজুন নাহার আঁখি, পিতার নামঃ আজহারুল ইসলাম আরজু, মাতার নামঃ দেওয়ান জাহানারা বেগম। আমার জন্ম ১৯৭৫ সালের ১২ই সেপ্টেম্বর শুক্রবার নানার বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বাইমাইল গ্রামে।
বাবা বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম অবসর প্রাপ্ত কলেজ অধ্যক্ষ, বর্তমানে মানিকগঞ্জ জেলা কোর্টে আইনজীবি হিসেবে কাজ করছেন, মা অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা। তিন ভাইবোনের মধ্যে আমি সবার বড়।
শৈশব থেকে কৈশরকাল দাদা বাড়ি বাসুদেবপুরে যৌথ পরিবারে বেড়ে উঠা। বাড়ির প্রথম সন্তান হিসেবে চাচা, ফুপু, মামা, খালাদের আদরে বড় হয়েছি।
পড়ালেখার হাতেখড়ি হয়েছিলো খালা সুফিয়া বেগমের কাছে। খালা, ফুপু, কাকাদের সাথে মেলায় যাওয়া, বেড়াতে যাওয়া ছিলো খুব আনন্দের। দাদা দাদীর সাথে সখ্যতা ছিলো অনেক। আজও সেই সময়ের কথা খুব মনে পরে।
পড়ালেখাঃ
প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত গ্রামের বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করি। ১৯৯১ সালে মানিকগঞ্জ এস, কে, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এস,এস,সি পাশ করি। ভারতেশ্বরী হোমস, মির্জাপু্র, টাংগাইল থেকে ১৯৯৩ সালে এইচ,এস,সি পাশ করি। ১৯৯৮ সালে মানিকগঞ্জ সরকারী দেবেন্দ্র কলেজ থেকে হিসাব বিজ্ঞানে মাস্টার্স পাশ করি।
পেশাগত জীবনঃ
২০০৩ সালের জানুয়ারির ৮ তারিখে মানিকগঞ্জ সদর উপজেলাধীন চরকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করি। ২০০৩ সালের মার্চ মাস থেকে ২০১৬ সালের মার্চ মাস পর্যন্ত চান্দিগোলড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলাম। ২০১৬ সালের মার্চ মাস থেকে অদ্য পর্যন্ত মানিকগঞ্জ সদর উপজেলাধীন পৌরসভার সেওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। শিক্ষকতা পেশাকে সম্মান করি ও ভালোবাসি।
ব্যক্তিগত জীবনঃ
ব্যক্তিগত জীবনে আমার এক মেয়ে আজমী ফাইরোজ প্রকৃতি ও এক ছেলে মোঃ আশরাফি আসলাম পূর্ণ। আমি মিশুক প্রকৃতির মানুষ। ধর্মীয় জীবন যাপন ভালো লাগে এবং যথা সম্ভব ধর্মীয় কাজের মধ্যে থাকতে চেষ্টা করি। অন্যায়, অনিয়ম, অসততা থেকে দূরে থাকার চেষ্টা করি। পরের জন্য কিছু করতে পারলে মন থেকে শান্তি পাই। ভবিষ্যতে মানব সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। আমার সখ দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো।
প্রকাশনাঃ
আমি সাধারণ একজন মানুষ। নিজেকে কখনো কবি বা লেখক ভাবিনা। ছোটবেলা থেকেই লেখার অভ্যাস থাকলেও তা কখনো প্রকাশ পায়নি; শুধু নিজের পড়ার খাতা আর ডায়েরির মধ্যেই সীমাবদ্ধ ছিলো। নিজের খেয়ালেই লেখা। জীবনের অনেকটা সময় পার করে আসার পর এখন নিজেকে আর কবি বা লেখক পরিচয় দিতে কেমন যেনো দ্বিধা লাগে। আমি সহজ সরল ভাষায় নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করি। একান্ত ভালো লাগা থেকে লিখতে লিখতে অনেকগুলো কবিতা জমা হয়। একটা সময় সন্তানদের অনুরোধে কব্যগ্রন্থ প্রকাশ করার ইচ্ছা পোষন করি। যার ফলোশ্রুতিতে ২০২১ এর বইমেলায় উচ্ছ্বাস প্রকাশনী থেকে আমার প্রথম কাব্যগ্রন্থ “উপলব্দি” প্রকাশিত হয়।
এছাড়াও বিভিন্ন প্লাটফর্মে আমার কবিতা প্রকাশিত হয়েছে –
যৌথ কাব্যগ্রন্থঃ
- ১। রূপসী বাংলার কাব্য, জাহানারা প্রকাশন, প্রকাশকাল একুশে বইমেলা ২০২১
- ২। শান্তির পায়রা কবিতা সংকলন, গাঙচিল প্রকাশন, প্রকাশকাল একুশে বইমেলা ২০২১
- ৩। কলকন্ঠ, বন্ধন মুদ্রণ ও প্রকাশনা, ১৬ ডিসেম্বর ২০২১
- ৪। শূন্য দশকে নারীর জয়যাত্রা, প্রজাপতি প্রকাশনী, প্রকাশকাল একুশে বইমেলা ২০২১
- ৫। হৃদ্যতার আলো সাহিত্য সংকলন, অনুভব প্রকাশনী, প্রকাশকাল একুশে বইমেলা ২০২২
- ৬। কবিকোষ, পরিবর্ধিত ও পরিমার্জিত ষষ্ঠ সংস্করণ, উচ্ছ্বাস প্রকাশনী, প্রকাশকাল অগাস্ট ২০২২
- ৭। কবিকোষ পরিবর্ধিত ও পরিমার্জিত সপ্তম সংস্করণ, উচ্ছ্বাস প্রকাশনী, প্রকাশকাল অক্টোবর ২০২২
- ৮। সারেঙ, কবিতা সংকলন, সারেঙ প্রকাশন, প্রকাশকাল ডিসেম্বর ২০২২
- ৯। পেন্সিল সংকলন ২০২৩, গল্প, কবিতা ও ভ্রমণকাহিনি, পেন্সিল পাবলিকেশন, প্রকাশকাল ২০২৩
সাময়িকী সমূহঃ
- ১। কালের প্রতিবিম্ব, প্রতিবিম্ব প্রকাশনা, ঈদ উল ফিতর সংখ্যা ২০২১
- ২। কালের প্রতিবিম্ব, প্রতিবম্ব প্রকাশনা, ঈদ উল আযহা সংখ্যা ২০২১
- ৩। মেঘদূত, ষান্মাসিক পত্রিকা, মেঘদূত প্রকাশনা, সেপ্টেম্বর ২০২২
পত্রিকাঃ
- ১। সাপ্তাহিক কড়চা, মানিকগঞ্জ (নিয়মিত আমার কবিতা প্রকাশিত হয়)
- ২। সাপ্তাহিক যায় সময়, ঢাকা
অনলাইন পোর্টালঃ
- ১। পদক্ষেপ নিউজ
- ২। আজকের দেশ. কম
- ৩। মাসিক কচিকাঁচা সাহিত্য পত্রিকা
- ৪। মাসিক শব্দশৈলী সাহিত্য পত্রিকা
আমার লেখা পড়ে কারো ভালো লাগলে সেটাই হবে আমার পরম পাওয়া।





